মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব এত সহজে কাটবে না, যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি মনে করেন, এই সংকট মোকাবিলায় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। শুক্রবার (১০ এপ্রিল) নবম ভারত মহাসাগরীয় কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারত মহাসাগরীয় অঞ্চল বর্তমানে এক অস্থির সময় পার করছে, যেখানে জ্বালানি সংকট অর্থনীতি ও সমাজ দুই ক্ষেত্রেই বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এ অবস্থায় একে অপরের প্রয়োজন বোঝা এবং সম্মিলিতভাবে সম্পদের ব্যবহার নিশ্চিত করাই হতে পারে টেকসই সমাধানের পথ।“
তিনি আরও বলেন, “বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার বর্তমান কাঠামো নতুন করে পর্যালোচনা করা জরুরি। বিশ্ব রাজনীতি ও অর্থনীতির প্রচলিত ধারা বদলে যাওয়ায় প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া, উন্নয়নের অর্জন ধরে রাখা এবং নতুন সংকট মোকাবিলার কৌশল নির্ধারণ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।“
বক্তব্যে দেশের উন্নয়ন ভাবনাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সুপার সোর্সিং হাব’ গড়ে তোলার আহ্বানের কথা উল্লেখ করে তিনি জানান, এর মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করা সম্ভব হবে। পাশাপাশি জেলা ও উপকূলীয় অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠেছে। তাই তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনা কাজে লাগাতে হলে উদ্ভাবন ও দক্ষতা বাড়ানোর দিকে বিশেষ মনোযোগ দিতে হবে।
এ সময় তিনি আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার করার আহ্বান জানান এবং দীর্ঘদিনের প্রচলিত সমন্বয় কাঠামোগুলো নতুন বাস্তবতায় পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।